শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

পেসারদের দাপটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পেস আক্রমণের দাপটে দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে। কলম্বোতে ওমানকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে আফ্রিকার দলটি।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই ওমানের ব্যাটিং লাইনআপে ধস নামান পেসাররা। নিজের প্রথম বলেই জাতিন্দার সিংয়ের স্টাম্প ভেঙে ম্যাচে রং ছড়ান ব্লেসিং মুজারাবানি। পরের ওভারেই হাম্মা মির্জাকে কট বিহাইন্ড করান রিচার্ড এনগারাভা।

নিজের দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট নিয়ে ওমানকে কোণঠাসা করে দেন মুজারাবানি। সপ্তম ওভারে ওয়াসিম আলিকে বোল্ড করেন সিকান্দার রাজা। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই পাঁচ রানের ঘর ছুঁতে পারেননি, দুজন তো রানের খাতাই খুলতে ব্যর্থ হন।

২৭ রানে ৫ উইকেট হারানোর পর সুফিয়ান মেহমুদ ও ভিনায়াক শুক্লার ৪২ রানের জুটি কিছুটা লড়াইয়ের আভাস দেয়। তবে এনগারাভা ভিনায়াককে কট বিহাইন্ড করে জুটি ভাঙেন। একই ওভারে রামানান্দিকেও ফেরান তিনি। শেষদিকে ব্র্যাড ইভান্স নাদিম খান ও শাকিল আহমেদকে আউট করে ওমানকে ১০৩ রানে গুটিয়ে দেন।

চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মুজারাবানি হন ম্যাচসেরা। এনগারাভা ও ইভান্স দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন।

রান তাড়ায় আগ্রাসী শুরু করেন ওপেনার টাডিওয়ানাশে মারুমানি। দ্বিতীয় ওভারে শাকিল আহমেদের বলে টানা চারটি চার হাঁকান তিনি। ১১ বলে ২১ রান করে ফিরলেও শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। পরের বলেই ডিওন মেয়ার্স কট বিহাইন্ড হলে কিছুটা চাপ আসে।

তবে ব্রেন্ডান টেইলর ও ব্রায়ান বেনেটের ৬৮ রানের জুটি সহজ করে দেয় জয়ের পথ। ৩১ রান করে টেইলর চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর কারান সোনাভেলের বলে চার মেরে জয় নিশ্চিত করেন সিকান্দার রাজা।

ওপেনার বেনেট ৭ চারসহ ৩৬ বলে অপরাজিত ৪৮ রান করেন।

বাছাই পর্ব পেরোতে না পারায় গত বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবারের আসরে দাপুটে সূচনা করা দলটি আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। তার আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ওমান।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com