শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিবির আপিল বাতিল হয়ে গেছে। তবে আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না। 

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। এবার শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি। 

পিটিআই-কে বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।’

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দ্রুত আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হবে। ডিআরসিতে গিয়ে লাভ হবে না বাংলাদেশের।

ডিআরসি একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসির সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই কমিটি হস্তক্ষেপ করে। বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের ম্যাচ শ্রীলংকায় সরানোর অনুরোধ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে ডিআরসির কথা সামনে এসেছে।

তবে বাস্তবে এই উদ্যোগ ফলপ্রসূ হবে না বলে ধারণা অনেকের। সরকার নিরাপত্তার ঝুঁকিতে ভারতে টি ২০ বিশ্বকাপে খেলতে চায় না। আইসিসি ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের দাবি নাকচ করে দিয়েছে। ১৫ সদস্যের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এরপর আর আইসিসির সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: পিটিআই

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com