শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একপেশে এই ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে ট্রফি ঘরে তোলে রাজশাহী।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম দলকে ভালো শুরু এনে দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলে তারা। ফারহান ধীরস্থিরভাবে খেললেও তানজিদ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক।

৮৩ রানের মাথায় ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান। এরপর তিন নম্বরে নেমে সাবলীল ব্যাটিং করেন কেইন উইলিয়ামসন। তানজিদ তুলে নেন দুর্দান্ত ফিফটি, এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন। চার-ছক্কায় চট্টগ্রামের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।

শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রান করে আউট হন তানজিদ। তার ইনিংসে ছিল ঝকঝকে ব্যাটিংয়ের প্রদর্শনী। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করেন। শেষ দিকে জিমি নিশাম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী।

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও হাসান নওয়াজ দ্রুত ফিরে যান। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান ছিল তাদের।

এক প্রান্ত আগলে রেখে খেলেন ওপেনার মির্জা তাহির বেগ। তিনি ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। তবে অন্য প্রান্তে কেউই তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি। শেখ মেহেদী হাসানসহ মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় বড় ব্যবধানে পিছিয়ে পড়ে চট্টগ্রাম।

শেষ দিকে আসিফ আলী কিছুটা লড়াই করলেও তাতে ম্যাচে ফেরার সুযোগ ছিল না। ১৬ বলে ২১ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো। মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। হাসান মুরাদ নেন ৩ উইকেট, জিমি নিশাম ২টি এবং আবদুল গাফফার সাকলাইন নেন ১ উইকেট।

এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com