শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

বরিশাল, প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ঘটকচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০), কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসিম ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারী (২২)। বাকি নিহতের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। আহতদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান (২৫)-এর নাম পাওয়া গেছে।

মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। দুর্ঘটনায় পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেকার দিয়ে বাসটি পাড়ে তোলা হয়েছে। পানির মধ্যে থাকা ইজিবাইকটি তল্লাশি চলছে। পুরো ডোবা তল্লাশির পরে জানা যাবে এখনও ভেতরে কোনো মরদেহ রয়েছে কিনা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com