রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

৮ নদীর পানি বাড়ছে, ৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি শঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আটটি নদ-নদীর পানি বাড়ছে। আগামী কয়েক দিন এসব নদ-নদীর পানি সমতল আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে।

সোমবার (২ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদী এবং মৌলভীবাজারের মনু নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত আরও বাড়তে পারে এবং বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সারি, গোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এতে আরও বলা হয়, এই পরিস্থিতির ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও বন্যার ঝুঁকি রয়েছে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। তবে দ্বিতীয় দিনে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিনে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুহুরী, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

এ ছাড়া দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়লেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। পানি সমতল আগামী চার দিন বাড়তে পারে, তবে বিপদসীমা অতিক্রমের আশঙ্কা নেই। একইভাবে গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং পদ্মা নদীর পানি বর্তমানে কমলেও আগামী পাঁচ দিন কিছুটা বাড়তে পারে। তবে এই নদীগুলোর পানি বিপদসীমার নিচে থেকেই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নদীতীরবর্তী এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com