নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে গড়ে তোলা সুইপার পরিবারের একটি টিনশেড বসতঘর ও সংলগ্ন রান্নাঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ফুটওভার ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে টিন দিয়ে তৈরি দুটি চালাবিশিষ্ট ঘরে সুইপার বাদলের ছেলে নয়ন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।
রাতে রান্নাঘরে সিগারেট ধরানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও সংলগ্ন রান্নাঘর পুড়ে যায়।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ





















