তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে এখন স্বাভাবিক রয়েছে কর্মপরিবেশ। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. ইসরাইল হাওলাদার শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার দেশের শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছে। গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে গাজীপুরসহ দেশের অন্যান্য শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে।
ইসরাইল হাওলাদার বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি বেশ কয়েক দিন ধরেই ভালো। গাজীপুরে গত কয়েক দিন কিছুটা সমস্যা থাকলেও শনিবার পরিস্থিতির উন্নতি হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলেও তেমন কোনো সমস্যা নেই। সব মিলিয়ে দেশের পোশাক কারখানাগুলোতে কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।
দেশে পোশাক কারখানার সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি উল্লেখ করে তিনি বলেন, এত বিপুলসংখ্যক কারখানার মধ্যে দু-চারটি বা কয়েকটিতে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ কিংবা ছুটির ঘটনা ঘটতে পারে। বেতন পরিশোধে বিলম্ব কিংবা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বছরের বিভিন্ন সময় কিছু কারখানায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটি শিল্প খাতে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নভাবে ঘটে। তাই কয়েকটি কারখানার এমন ঘটনাকে সামগ্রিক শিল্প পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, বর্তমানে তৈরি পোশাকশিল্পে সামগ্রিকভাবে স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে মাত্র ২০ দিনের মধ্যে চারটি সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।
গত ২৫ নভেম্বর ভোরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা প্রায় ৪০ শতাংশ।
তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা প্রায় ৪২ শতাংশ। আর চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।
সরকারের দ্রুত উদ্যোগে মজুরি বোর্ড গঠন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা এবং অল্প সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা পোশাকশিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন মজুরি ঘোষণার পর শ্রমিকদের কাজে ফেরা এবং অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হওয়া দেশের তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশের ইতিবাচক অগ্রগতিরই প্রতিফলন।
সূত্র: বাসস
বাংলা৭১নিউজ/জেএস





















