বিজয়ের মাস ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতা মোকাবিলায় পৃথক কর্মসূচির পথে হাঁটছে বিরোধীদলীয় জোটের প্রধান দুই দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ক্ষমতাসীন বিএনপির সঙ্গে সরাসরি এক মঞ্চে না মিশে নিজস্ব ব্যানারে রাজপথে সক্রিয় থাকার কৌশল নিয়েছে দল দুটি। অন্যদিকে জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা সংলাপে খুব শিগগিরই ১১ দলীয় ঐক্যসহ অংশ নেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে জামায়াত।
দিনক্ষণ ঠিক না হলেও খুব শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংলাপ হতে পারে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সংলাপের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও সরকারের সঙ্গে যোগাযোগ চলছে এবং খুব শিগগিরই তারিখ ঠিক হবে। সংলাপকে গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে মালয়েশিয়া যাত্রা স্থগিত রেখে ইতোমধ্যে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাঁর দেশে ফেরার পর থেকেই সংলাপের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জামায়াত এককভাবে নয় বরং এনসিপিসহ ১১-দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে জোটগতভাবে এবং নিরপেক্ষ ভেন্যুতে সংলাপে বসতে চায়।
এর আগে গত ১৮ নভেম্বর সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে জামায়াত আমির একান্ত বৈঠক করেছিলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াত এনসিপিসহ ১১-দলীয় ঐক্যের সব শরিককে নিয়ে জোটগতভাবে এবং নিরপেক্ষ ভেন্যুতে সংলাপে বসতে চায়। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হটিয়েছি। কিন্তু নির্বাচনের পর দেখা গেল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গণভোটের রায় বাস্তবায়ন করেনি।
বর্তমান সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন করে, তবে আগামীতে একসঙ্গে মাঠে নামা যেতে পারে।
জামায়াতের দায়িত্বশীল নেতারা বলছেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কেবল কর্মীদের চাঙা রাখার ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বা ফাঁকা আওয়াজ। তবে যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলায় সুনির্দিষ্ট শর্ত ও প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দলটি। তাঁদের মতে, নিষিদ্ধ দলের নাশকতা ঠেকানো মূলত সরকার ও প্রশাসনের দায়িত্ব। সরকার যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব দলকে নিয়ে ‘সম্মানজনক’ জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়, তবেই তাঁরা সরকারের সঙ্গে সমন্বয় করে রাজপথে নামবেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যে ফ্যাসিবাদের বিপক্ষে ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। নাশকতার প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে দলটি। এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর জামায়াত ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন নাগরিক সমাবেশ করবে।
এনসিপির পরিকল্পনা ও সতর্ক কৌশল : জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এনসিপি ক্ষমতাসীন বিএনপির সঙ্গে এক মঞ্চে না গিয়ে নিজস্ব ধারায় সক্রিয় থাকার পরিকল্পনা করেছে। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজ সরকারের; এনসিপি কর্মীরা সরাসরি ধরপাকড় বা প্রতিরোধে নামলে গণমাধ্যম ও নাগরিক সমাজের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে ‘মব’ তৈরির অভিযোগ তোলা হতে পারে। তাই বিএনপি নেতা-কর্মীদের মতো সরাসরি ধরপাকড়ে না গিয়ে তাঁরা রাজনৈতিকভাবে সতর্ক অবস্থানে থাকছেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, পতিত স্বৈরাচার ও যেকোনো অপতৎপরতা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে মোকাবিলা করবে এনসিপি। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল দেশে সন্ত্রাস ও অরাজকতা শুরু করেছে। সরকারের উচিত কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করি, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আবারও ঐক্যে পৌঁছাতে পারব। সন্ত্রাসের বিরুদ্ধে দলের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি জানান, একক ও জোটের ব্যানারে তাঁদের কর্মসূচি চলবে।
২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে গণবিক্ষোভ, সমাবেশ ও অবস্থান কর্মসূচির মতো নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন করছে এনসিপি। গত ২৪ নভেম্বর ঢাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ও চট্টগ্রামে সমাবেশ করেছে দলটি। এনসিপি নেতারা মনে করেন, জুলাই অভ্যুত্থানের নেতারা ফ্যাসিবাদী শক্তির প্রধান টার্গেট হওয়ায় তাঁদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ





















