বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ব্যটালিয়ন (এসআরবি)-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিবি সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের উত্তরা বিভাগের একটি দল ময়মনসিংহের এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। পরে ২০২২ সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মকবুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বর্তমানে আবুল হাসান এসআরবি-১১ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। ওই মামলার এজাহারে ১৭১ নম্বর আসামি হিসেবে আবুল হাসানের নাম রয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার সাম্প্রতিক প্রেক্ষাপট
সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলায় গ্রেপ্তার ও আদালতে পাঠানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ড শেষে ৩০ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। ১৫ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























