চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে গতি আনতে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য পৃথক লেন নির্মাণ, সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে এসব পরিকল্পনার কথা জানান চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি। বিশেষ করে সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চসিক প্রশাসক বলেন, সল্টগোলা ক্রসিংয়ে বড় পরিসরে আধুনিক গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য পৃথক ডেডিকেটেড লেন নির্মাণ করা হবে। এতে বন্দরের পণ্যবাহী যানবাহন ও সাধারণ যানবাহনের চলাচল আলাদা করা সম্ভব হবে। ফলে যানজট কমার পাশাপাশি বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে গতি আসবে।
তিনি আরও বলেন, সড়ক সম্প্রসারণ ও পৃথক লেন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বন্দরকেন্দ্রিক ভারী যানবাহনের চাপ সামলাতে বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোড আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক বলেন, এসব সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে। অতিরিক্ত ভারের কারণে বিটুমিনাস সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। বারবার সংস্কারের প্রয়োজন পড়ে। আরসিসি সড়ক নির্মাণ করা হলে স্থায়িত্ব বাড়বে এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে।
সড়ক নির্মাণের পাশাপাশি ভূগর্ভস্থ ইউটিলিটি ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রস্তাবিত আরসিসি সড়কে সমন্বিত ডাক্ট ব্যবস্থা রাখা হবে। এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। ভবিষ্যতে এসব লাইন মেরামত বা নতুন সংযোগের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। এতে সড়কের স্থায়িত্ব বজায় রাখার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ কমবে।
চসিক প্রশাসক বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। প্রকল্পে সড়ক নির্মাণের পাশাপাশি বন্দরের ভারী যানবাহন চলাচল সুশৃঙ্খল করা, যানজট নিরসন ও বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়। চসিক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় কাজ করতে হবে।
এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























