আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানের পিতার নাম সৈয়দ জামান খন্দকার এবং মাতার নাম মোমেনা বেগম। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























