যানবাহনের ফিটনেস নিবন্ধন নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বেলা ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালান।
অভিযানকালে ফিটনেস নিবন্ধন নবায়নে হয়রানি ও দালালের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পান দুদকের কর্মকর্তারা। তাঁরা দেখতে পান, বিআরটিএ কর্মকর্তারা একটি আবেদন ফিরিয়ে দিলেও পরে দালালের মাধ্যমে ওই গাড়ির মালিক ৩ হাজার ৭০০ টাকা দিয়ে ফিটনেস নিবন্ধন নবায়ন করিয়েছেন।
এ বিষয়ে সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুবেল আহমদ বলেন, ‘বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে হয়রানি ও দালালের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। অভিযানকালে এর প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। বিআরটিএ কর্মকর্তাদের কাছে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পাওয়ার পর পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।’
বাংলা৭১নিউজ/আরএইচ






















