নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় অগ্নিকাণ্ডে পদ্মা রেল লিংকের একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই অংশ দিয়ে ট্রেন চলাচলে গতি সীমিত করেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত ৩৪ নম্বর পিলারের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আগুনের তীব্রতায় পিলারের ওপরের প্লাস্টার খসে পড়েছে এবং ভেতরের রড উন্মুক্ত হয়ে গেছে। রেললাইন ও সেতুর নিরাপত্তা বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনের গতি কমানো হয়েছে।
গত ১৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পাশের একটি একতলা বাড়ি ও টিনশেড ঘর পুড়ে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় রেলসংযোগের পিলারটি।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পিলারটি পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা কর্মকর্তারা। পদ্মা রেল লিংক কর্তৃপক্ষও ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেছে। পিলারটির প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, পাগলা রেলস্টেশনসংলগ্ন ৩৪ নম্বর পিয়ারের পাশে একটি জুতার কারখানা রয়েছে। সেখানে জুতা-স্যান্ডেল তৈরির পাশাপাশি বিপুল পরিমাণ প্লাস্টিকের জুতা ও উৎপাদনের বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। গত ১৯ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে ওই স্তূপে আগুন লাগে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও স্থাপনায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিলারের নিচে রাখা প্লাস্টিকের স্তূপে কেউ শত্রুতাবশত আগুন দিতে পারে, অথবা সিগারেটের আগুন থেকেও এর সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে আগুনের তাপমাত্রা ২০০-২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকজাত দাহ্য পদার্থের কারণে ওই আগুনের তাপমাত্রা প্রায় ৫০০-৬০০ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল। উচ্চ তাপমাত্রার কারণেই পিলারের প্লাস্টার খসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, আগুনের সূত্রপাত ও ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পিলারের বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























