সাক্ষী হাজির। জমা দিলেন নথিও। কিন্তু পরিচয়েই গরমিল। বাবার নাম একেক কাগজে একেক রকম। নিজের জন্ম তারিখেও অমিল। স্বামীর নাম নিয়েও বিভ্রান্তি। অথচ তিনি একজন আইনজীবী। নাম তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দিতে এসেছেন গুম-খুনের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে। তবে রাষ্ট্রপক্ষের জেরায় একে একে বেরিয়ে আসে এই সাক্ষীর পরিচয়পত্রের নানা অসংগতি। প্রশ্ন ওঠে তার দাখিল করা নথির সত্যতা নিয়েও।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। তিনিই মামলার একমাত্র আসামি। তার পক্ষে সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল রোববার (২২ নভেম্বর)।
নির্ধারিত সময়ে এদিন সাক্ষী হাজির করেন জিয়াউলের আইনজীবী নাজনীন নাহার। তবে নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজিরা দেন জিয়াউল। আজ বেলা সাড়ে ১১টায় শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকাজ। এজলাসে বসেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি কার্যতালিকায় ছিল এক নম্বরে। নিয়মানুযায়ী জিয়াউলের সাক্ষী তাসলিমা জাহান পপিকে সাক্ষীর ডকে তোলা হয়। শুরুতেই তিনি নিজের পরিচয় দেন। তার বয়স ৩৮ বছর। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভবনাথপুরে। পেশায় একজন আইনজীবী।
সাক্ষ্যের শুরুতে পপি জানান, তিনি এ মামলার আসামি জিয়াউল আহসানকে চেনেন। নিম্ন আদালতে তার মামলা পরিচালনা করছেন। জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতেই তিনি ট্রাইব্যুনালে এসেছেন। এসব কাগজপত্র ও ভিডিও তাকে দিয়েছেন জিয়াউলের স্ত্রী।
এরপর ট্রাইব্যুনালে নিজের জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি জমা দেন পপি। পরে একে একে আরও বেশ কিছু কাগজপত্র দাখিল করা হয়।
সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরের পর শুরু হয় এই সাক্ষীর জেরা। তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।
জেরার একপর্যায়ে জিয়াউলের সাক্ষীর কাছে নিজের দাখিল করা জাতীয় পরিচয়পত্র সম্পর্কে জানতে চান চিফ প্রসিকিউটর। জবাবে পপি বলেন, আমার জাতীয় পরিচয়পত্রের কার্ড ইস্যুর তারিখ ২০১৮ সালের ৯ এপ্রিল। ওই কপিতে আমার বাবার নাম ইউনুস আলী ব্যাপারী লেখা রয়েছে। আমি ডাউনলোড করে কপিটি পিডিএফ আকারে অ্যাডভোকেট নাজনীন নাহারকে পাঠিয়েছি। এতে আমার বাবার নাম ইউনুস আলী ব্যাপারী কীভাবে এলো, বুঝতে পারছি না। তবে আমার মূল জাতীয় পরিচয়পত্রে বাবার নাম ইদ্রিস আলী ব্যাপারী লেখা আছে, যা ট্রাইব্যুনালে প্রদর্শন করেছি। আমার পাঠানো পিডিএফ আইডির কপিতে নাম ঠিক থাকলেও ইস্যুর তারিখ ভুল।
তিনি বলেন, ঢাকা বারের দেওয়া আমার সদস্যপদের তথ্যে বাবার নাম শাহিনুর রহমান লেখা আছে। তবে এটি আমার স্বামীর নাম। ট্রাইব্যুনালে দাখিল করা আমার জাতীয় পরিচয়পত্রের ঠিকানার সঙ্গে প্রদর্শিত আইডির ঠিকানার মিল নেই। আইডির কপির পরিবর্তে প্রকৃত আইডি দাখিল করার বিষয়ে ট্রাইব্যুনালে কোনো আবেদন করিনি।
নিজের জন্মতারিখ নিয়েও জেরায় কথা বলেন পপি। তিনি জানান, ট্রাইব্যুনালে জমা দেওয়া পরিচয়পত্রে তার জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮৮ সালের ৯ ফেব্রুয়ারি। কিন্তু ট্রাইব্যুনালে প্রদর্শিত জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৮৯ সালের ৯ ফেব্রুয়ারি উল্লেখ রয়েছে।
পপি আরও বলেন, ট্রাইব্যুনালে প্রদর্শিত কাগজপত্র সরবরাহ করার সময় জিয়াউল আহসানের স্ত্রীর সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয়নি। কী কী মাধ্যমে এসব কাগজপত্র পেয়েছি, তা মনে নেই। প্রদর্শিত কাগজগুলো সঠিক কি না, তা ব্যক্তিগতভাবে যাচাই করে দেখিনি। দুর্নীতিসহ জিয়াউল আহসানের বিরুদ্ধে হওয়া একাধিক মামলায় আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন বলেও জানান তিনি।
তিনি জানান, এ মামলায় যেসব সেনা সদস্য বা সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, তাদের সম্পর্কে কিছুই জানেন না। জিয়াউল আহসানের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এ মামলায় যেসব সাক্ষ্যপ্রমাণ এসেছে, সে সম্পর্কেও কিছু বলতে পারবেন না।
পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ভুল তথ্যসংবলিত জাতীয় পরিচয়পত্রের কপি ট্রাইব্যুনালে দাখিল করেছেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার জাতীয় পরিচয়পত্র জাল বলেও দাবি করেন তিনি। তবে সত্য নয় বলে জানান সাক্ষী তাসলিমা পপি।
তিনি জানান, ট্রাইব্যুনালে দাখিল করা ও প্রদর্শিত জাতীয় পরিচয়পত্রের তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে আছে কি না, তা তার জানা নেই। তবে আইনজীবী নাজনীন নাহারের সঙ্গে যোগসাজশে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এনআইডিসহ এসব কাগজপত্র সৃজন করেননি বলে দাবি করেন সাক্ষী।
জেরার পর পুনঃজবানবন্দিতে নিজের মূল জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করেন তাসলিমা জাহান পপি। ট্রাইব্যুনালে সেটি প্রদর্শনী এ-১ হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় তিনি জানান, তার স্বামীর নাম শাহিনুর রহমান কায়েস। ঢাকা আইনজীবী সমিতিতেও তার স্বামীর নাম এভাবে উল্লেখ রয়েছে।
আইনজীবী তাসলিমা জাহান পপির দাখিল করা কিছু নথি এসেছে ঢাকা পোস্টের হাতে। এর মধ্যে একটি জাতীয় পরিচয়পত্রের নথিতে নিজের নাম ঠিক থাকলেও বাবার নামের শেষে বেশায়ী তথা ইউনুস আলী বেশায়ী লেখা রয়েছে। অথচ থাকার কথা ইউনুস আলী ব্যাপারী। ঠিকানায়ও কিছু অসংগতি চোখে পড়ে। সোনারগাঁওয়ের বদলে লেখা সোনারগাঁত।
ঢাকা আইনজীবী সমিতির ওয়েবসাইট ঘাঁটতেই মেলে আরও বিস্ফোরক তথ্য। আইনজীবীর নাম তাসলিমা জাহান পপি ঠিকঠাক থাকলেও বাবার নাম দেওয়া শাহিনুর রহমান। ঠিকানা দেওয়া রাজধানীর মোহাম্মদপুর এলাকা। তবে সাক্ষীর প্রকৃত পরিচয় আড়াল করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এসব তথ্য পরিবর্তন করা হয়েছে বলে দাবি প্রসিকিউশনের।
এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ঢাকা পোস্টকে বলেন, আজ জিয়াউল আহসানের মামলায় একমাত্র সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এরপর প্রসিকিউশনের পক্ষে তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর। জেরায় তিনি বিভিন্ন নথিতে নিজের বাবার নাম ও জন্মতারিখের অসংগতি স্বীকার করেছেন। ঢাকা বারের সদস্যপদের তথ্যে বাবার নামের জায়গায় শাহিনুর রহমান লেখা আছে। তবে এটি তার স্বামীর নাম বলে জানিয়েছেন তিনি। এসব তথ্যের বিভ্রান্তি দূর করতে কোথাও কোনো আবেদন করেননি বলেও স্বীকার করেছেন।
তামিম বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা ট্রাইব্যুনালে বলেছি, এই ব্যক্তি নিজেকে আইনজীবী দাবি করে জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। তিনি সঠিক ব্যক্তি নন। তিনি ভুল পরিচয়ে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতে যেন ট্রাইব্যুনাল তাকে শনাক্ত করতে না পারেন। এ কারণে তিনি নিজের, স্বামীর ও বাবার নাম এবং জন্মতারিখ ভুল উল্লেখ করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। মূলত ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করার জন্য ভুল পরিচয়ে এ সাক্ষ্য দিয়েছেন তিনি। তার সাক্ষ্যের কোনো ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা নেই বলে আমরা মনে করি। তার এ জবানবন্দির কোনো আইনগত মূল্য নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ


























