৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণ করেছিল ভারত। তবে দিন শেষে তাদের সেই হাসি মিলিয়ে গেছে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৪৩ রান। ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত নিকোলস। ফিলিপস অপরাজিত রয়েছেন ৯৪ রানে।
টস জিতে ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। উদ্দেশ্য সবুজ পিচে শুরুতে নতুন বলে কিউই ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেওয়া। নতুন বলে জসপ্রীত বুমরাহ রীতিমতো ভয় ধরালেন। মাত্র ৫২ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৪ উইকেট পড়ে যায়। ৭০ রানের মধ্যেই পাঁচটি। এর তিনটিই বুমরাহর দখলে।
শুরুতেই বুমরাহ শিকার বানালেন কিউই অধিনায়ক টম লাথামকে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। এরপর একে একে আউট হন ডেভন কনওয়ে (৪), রাচিন রবীন্দ্র (১৫), ড্যারেল মিচেল (১), টম ব্লানডেল (৫)। বুমরাহ একাই তুলে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন অনশুল কম্বোজ এবং আকাশদীপ।
প্রথম ৩০ ওভার ভারতীয়রা দাপট দেখালেও ম্যাচের রং বদলে দেন ফিলিপস-নিকোলস জুটি। ঘরের মাঠে কোণঠাসা দলকে তারা শুধু লড়াইয়ে ফিরিয়েই আনেননি, ম্যাচও টিকিয়ে রেখেছেন। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অনবদ্য ব্যাটিং করছেন। ষষ্ঠ উইকেটের অপরাজিত জুটিতে তারা যোগ করেছেন ১৭৩ রান। শতরান এসেছে নিকোলসের ব্যাট থেকে। পিছিয়ে থাকলেন না ফিলিপসও। দিনের শেষে নিকোলস অপরাজিত থাকলেন ১১৩ রান করে। মারলেন ১৪টি চার। ৯৪ রানে অপরাজিত ফিলিপসের ব্যাট থেকে এসেছে ১৩টি চার।
একা বুমরাহ ছাড়া আর কোনও বোলারই কিউই ব্যাটারদের খুব একটা চাপে ফেলতে পারেননি। প্রথম টেস্টের ভারতীয় একাদশ নিয়েও প্রশ্ন উঠছে। একাদশ থেকে বাদ পড়েন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। তার জায়গায় খেলা প্রসিদ কৃষ্ণ ১৬ ওভার বল করেও সাফল্য পাননি। এ ছাড়া বাদ দেওয়া হয় আরেক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাকেও।
বাংলা৭১নিউজ/আরএইচ



























