হরমুজ প্রণালির পূর্বে মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির অভিযোগ, নিষিদ্ধ এলাকায় দিকনির্দেশনা (নেভিগেশন) ব্যবস্থা বন্ধ রেখে চলাচলের সময় জাহাজগুলো ইরানি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল। কৌশলগত এই জলপথে চলাচল নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। সম্প্রতি এই প্রণালি ও এর আশপাশে অন্তত পাঁচটি জাহাজ হামলার শিকার হয়েছে।
এদিকে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে হরমুজ প্রণালির কেশম দ্বীপে আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে নিখুঁত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তার ভাষ্য, মার্কিন সেনা ও সামরিক সম্পদের ওপর ইরানের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার্থে নিখুঁত গোলাবারুদ ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে ইরানি গণমাধ্যমের বরাতে কেশম দ্বীপের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একাধিক হামলায় দ্বীপটির কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে আইআরজিসির ছোড়া একাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে। আল জাজিরার উদ্ধৃতি অনুযায়ী সেন্টকম বলেছে, মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এ ছাড়া ইরানের সামরিক বাহিনী জাহাজগুলোকে এই জলপথে তাদের ভাষায় ‘ভুয়া মার্কিন রুট’ ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র বা ‘ডার্টি বোম’ (তেজস্ক্রিয় বোমা) হামলার পরিকল্পনার খবর প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ইসরায়েলপন্থী গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এসব খবরকে উড়িয়ে দিয়ে অভিযোগ করেন, এগুলো ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের পক্ষে সমর্থন তৈরির চেষ্টার অংশ।
বাংলা৭১নিউজ/আরএইচ





















