ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের সব উপজেলা হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
বুধবার (১৮ নভেম্বর) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
জয়নাল আবেদীন তার নির্বাচনী এলাকার চিকিৎসা সংকট তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-৪ আসনে প্রায় ১০ লক্ষ মানুষের বসবাস যার অধিকাংশই নিম্ন আয়ের এবং শ্রমজীবী।
অত্র এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার মতো কোনো সরকারি হাসপাতাল না থাকায় এবং অন্যান্য হাসপাতালের বর্তমান অবস্থা ও রোগীদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে তিনি একটি আধুনিক সরকারি হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান। তিনি বলেন, গত ২৩ এপ্রিল তিনি স্বাস্থ্যমন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছিলেন যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনী এলাকার সন্নিকটে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালসহ কিছু প্রতিষ্ঠান থাকলেও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে শুধু নতুন হাসপাতাল নির্মাণ বা শয্যা সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, বরং আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং পরিচালনা ব্যয়সহ আনুষঙ্গিক বিষয়গুলো বিবেচনা করতে হয়।
তিনি জানান, আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী অফিসে আসলে তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া দেশের ঘনবসতিপূর্ণ ও শ্রমজীবী অধ্যুষিত ছয়টি এলাকায় ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে এবং শ্যামপুরের বিষয়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
আলোচনার একপর্যায়ে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফিজিবিলিটি স্টাডির জন্য সুনির্দিষ্ট সময় জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকারের এই অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন বেড সংযোজন করা হয়েছে।
তিনি আরও ঘোষণা করেন, দেশের সব উপজেলার বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালগুলোর সঙ্গে আরও ১০০টি শয্যা যুক্ত করে, সেগুলোকে ১৫০ শয্যায় রূপান্তর করার কাজ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে। আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























