ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের অফিসকক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা অফিস কক্ষের দরজায় ২টি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















