খেলার মাঠে প্রতিপক্ষকে কাবু করেছেন বহুবার। জিতেছেন পাঁচটি অলিম্পিক স্বর্ণপদক, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ১১ বার।
এবার লড়াইয়ের মঞ্চ বদলে রাজনীতিতে নাম লেখালেন ফ্রান্সের জুডো কিংবদন্তি টেডি রিনার। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে রীতিমতো চমক সৃষ্টি করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নিজের প্রার্থিতার ঘোষণা দেন রিনার। তার নির্বাচনী স্লোগান লা ফ্রঁস কঁ নু জেম, এর বাংলা অর্থ আমাদের ভালোবাসার ফ্রান্স।
নিজেকে ডান বা বামপন্থী কোনো মানুষ হিসেবে পরিচয় দিতে চান না রিনার। বরং বিভক্ত ফ্রান্সকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
রিনারের দাবি, দেশের ক্রমবর্ধমান ঋণ, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও সামাজিক বৈষম্য তাকে রাজনীতিতে আসতে উৎসাহিত করেছে।
প্রার্থিতা ঘোষণার ভিডিওতে রিনার বলেন, ‘মানুষ বলবে, প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চাওয়াটা পাগলামি ছাড়া কিছুই নয়।
কিন্তু ফ্রান্সকে ঋণের বোঝায় ডুবে যেতে না দেওয়া, পরিবারগুলোর কষ্ট এবং রাস্তাঘাটের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন হওয়া যদি পাগলামি হয়, তাহলে হ্যাঁ, আমাকে পাগল বলুন।’
রিনারের জন্য পথটা সহজ নয়। তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, নেই নিজস্ব দল কিংবা পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার। প্রার্থিতা চূড়ান্ত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে ৫০০টি সমর্থনও সংগ্রহ করতে হবে।
তবে রিনারের জনপ্রিয়তায় কমতি নেই।
নির্বাচনী ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ কোটি ৮০ লাখের বেশিবার দেখা হয়েছে। একটি জরিপে প্রার্থিতা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ২২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা রিনারকে ভোট দেওয়ার কথা বিবেচনা করতে পারেন।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও রিনারের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তবে রিনারের সামনে এখন বড় চ্যালেঞ্জ, ক্রীড়াঙ্গ নের জনপ্রিয়তাকে ভোটের সমর্থনে রূপ দেওয়া।
বাংলা৭১নিউজ/আরএইচ






















