গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে প্রথমে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া উপজেলা শাখায় এ ঘটনা ঘটে। এর আগে ব্যাংকটির সামনের সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলাকাজুড়ে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করে গ্রামীণ ব্যাংকের সামনে জড়ো হয়। এ সময় প্রথমে গ্রামীণ ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ব্যাংকের ভেতরের মালামাল পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গ্রামীণ ব্যাংকের সামনে সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস






















