দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকটের চিত্র তুলে ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন। অথচ দেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে রয়েছেন মাত্র শূন্য দশমিক ৫৮ জন।
এ সংকট কাটাতে পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট তৈরি ও নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে দেশের অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের চিত্র তুলে ধরে জুবাইদা রহমান বলেন, দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ব্যাপক ঘাটতি রয়েছে। প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে দেশে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ৩ হাজার।
সে হিসাবে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৮ জন।
তিনি বলেন, গ্লোবাল সার্জারি সম্পর্কিত ল্যানসেট কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই খাত অবহেলিত থাকায় দেশের হাজার হাজার নারী-পুরুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তাদের দায়িত্ব শুধু অপারেশন থিয়েটারের মধ্যেই সীমাবদ্ধ নয়।
নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যা এবং মানুষের জীবন বাঁচাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগীর নিরাপত্তা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের নিবেদন ও কঠোর পরিশ্রম অপরিহার্য।
চিকিৎসকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য দক্ষ, অনুপ্রাণিত ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবী দরকার। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার বিষয়টি রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক সম্মেলন বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























