ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫ যানবাহনের মধ্যে সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনার কবলে পড়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সংসদ সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে পেছন থেকে আসা দ্রুতগতির বাস, ট্রাক, প্রাইভেট কার এবং ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে।
সে সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের মুখে তার গাড়িবহরটিও এই দুর্ঘটনার কবলে পড়ে এবং বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মারাত্মক আহত আরো অন্তত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ থেকে পরবর্তীতে ১৫টি গাড়ির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘দুর্ঘটনায় আমার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন।
তবে আমি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছি।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























