পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক জাহাঙ্গীর হোসেন পাইক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।
বাংলা৭১নিউজ/আরএইচ



























