রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও তিনটি ধারায় তাকে পৃথকভাবে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে এ রায় দিলেন আদালত।
দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় লিমনের হামলায় তার ছেলে তাওসিফ রহমান খুন হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। এ ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে দেয়া হয় অভিযোগপত্র।
বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।
এ বিষয়ে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, ‘রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি জানান, আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। এর আগে এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেয়াকে কেন্দ্র এই হত্যাকাণ্ড হয় বলেও জানান তিনি।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মামুন অর রশিদ জানান, তারা রায়ের বিপক্ষে আপিল করবেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















