দীপাবলির উৎসবের সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে গয়নাটি প্রকাশের ধরন নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে কারিনা এবং তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্টগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনোভাবে সেটি উপস্থাপন না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় কারিনার দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশ্যে আসার পর। প্রকাশিত ছবিতে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও মানানসই পাগড়ি পরা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। তবে সবার নজর কাড়ে তার গলায় থাকা বিশেষ পান্নার লকেটটি, যেখানে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত অর্থাৎ ‘আয়াতুল কুরসি’।
কারিনার এই বিশেষ লুকের স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে রিয়া গয়নাটিকে ভোপালের সাবেক নবাব পরিবারের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, প্রায় ২০০ বছরের পুরোনো একটি রাজকীয় অলংকারের পাশাপাশি কারিনা ভোপালের বেগমের ৩০ ক্যারেটের ঐতিহাসিক পান্নাটি পরেছেন, যাতে আয়াতুল কুরসি খোদাই করা আছে।
তবে নোটিশদাতা আব্বাস হাফিজ স্পষ্ট করেছেন যে, তার আপত্তি কারিনার পোশাক বা ব্যক্তিগত পছন্দ নিয়ে নয়। তার দাবি, পবিত্র কোরআনের আয়াত লেখা কোনো গয়না জনসমক্ষে প্রকাশের ক্ষেত্রে যথাযথ ধর্মীয় মর্যাদা ও পবিত্রতা বজায় রাখা উচিত ছিল। ছবিতে গয়নাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে কষ্ট ও উদ্বেগের জন্ম দিয়েছে।
আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নন, বরং ব্যক্তিগত অবস্থান থেকেই এই আইনি নোটিশ পাঠিয়েছেন। এখন এই বিতর্ক ও আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে কারিনা কাপুর খান এবং রিয়া কাপুর কী পদক্ষেপ নেন, সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























