ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলস কার্নিভাল’। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে মার্কেটিং বিভাগের উদ্যোগে এ আয়োজন শুরু হয়।
কার্নিভালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের শিক্ষার্থীরা সাধারণত ডাক্তার, প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার লক্ষ্য নিয়ে বড় হয়। এই প্রচলিত মানসিকতা থেকে বেরিয়ে এসে মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। স্টার্টআপ তৈরির মাধ্যমে নিজেদের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
কৃষিপ্রধান দেশকে ধীরে ধীরে শিল্প ও প্রযুক্তিভিত্তিক দেশে রূপান্তর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, সেলস কার্নিভাল শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।
এ সময় শিল্পখাতের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত একাডেমিক কারিকুলামে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. শেহেলী পারভীনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই কার্নিভালে দেশের ২১টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























