অরুণাচল প্রদেশের সীমান্ত ঘিরে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীন। সীমান্তের আশপাশে সেনা উপস্থিতি বজায় রাখার পাশাপাশি তিব্বতে সড়ক, রেলপথ, বিমানঘাঁটি ও সামরিক স্থাপনা সম্প্রসারণ করছে দেশটি। এতে উদ্বেগ বাড়ছে ভারতের। বিশেষ করে, প্রয়োজনে অল্প সময়ে বিপুলসংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম সীমান্তে নিয়ে আসার চীনা সক্ষমতাকে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি।
চীনের সামরিক শক্তির অন্যতম ভিত্তি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কম্বাইন্ড আর্মস ব্রিগেড। এসব ব্রিগেডে পদাতিক সেনার পাশাপাশি কামান, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা ও নজরদারি ইউনিট থাকে। এ ছাড়া প্রকৌশল ও রসদ সরবরাহের ব্যবস্থাও যুক্ত থাকে। প্রয়োজন অনুযায়ী হালকা, মাঝারি কিংবা ভারী কাঠামোয় সাজানো যায় এসব ব্রিগেড। প্রতিটি ব্রিগেডে সাধারণত সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সেনা থাকেন।
অরুণাচল সীমান্তে চীনের সামরিক প্রস্তুতিও কয়েকটি স্তরে সাজানো। সীমান্তের কাছাকাছি অবস্থানরত সেনাদের পাশাপাশি তিব্বত সামরিক জেলার অধীন বাহিনীকে প্রয়োজনে কাজে লাগাতে পারে বেইজিং। পরিস্থিতির অবনতি হলে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীন অন্যান্য ইউনিটও সেখানে পাঠানোর সুযোগ রয়েছে। ফলে সীমান্তে বিপুলসংখ্যক সেনা সার্বক্ষণিক মোতায়েন না রেখেও দ্রুত সামরিক শক্তি বাড়ানোর সক্ষমতা রয়েছে চীনের।
ভারতীয় সেনাবাহিনীর ২০২৫-২৬ সালের বার্ষিক মূল্যায়নে বলা হয়েছে, ২০২৫ সালে চীনের উত্তর সীমান্তে সেনা মোতায়েন কিছুটা কমেছিল। তা সত্ত্বেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর চীনের ১০টি কম্বাইন্ড আর্মস ব্রিগেডের সমপরিমাণ বাহিনী অবস্থান করছিল। এ ছাড়া প্রচলিত প্রশিক্ষণ এলাকায় ছিল আরও ১০টি ব্রিগেডের সমপরিমাণ সেনা। তবে এই হিসাব পুরো ভারত-চীন সীমান্তের, শুধু অরুণাচল প্রদেশের নয়। একই মূল্যায়নে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতিকেও শক্তিশালী হিসেবে তুলে ধরা হয়েছে।
চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তিব্বতের দামশুং বিমানঘাঁটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অরুণাচল সীমান্ত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার থেকে চার হাজার ৩০০ মিটার উচ্চতায়। এর রানওয়ের দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ২ কিলোমিটার।
২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত বাণিজ্যিক উপগ্রহচিত্র বিশ্লেষণে দাবি করা হয়, ওই বছরের জুনে দামশুং বিমানঘাঁটিতে চারটি জে-২০ যুদ্ধবিমান দেখা গেছে। তবে সেখানে স্থায়ীভাবে কতটি যুদ্ধবিমান কিংবা কোন সামরিক ইউনিট মোতায়েন রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তিব্বতে সড়ক, রেল ও বিমান যোগাযোগব্যবস্থার উন্নয়নও চীনের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এসব অবকাঠামোর মাধ্যমে দুর্গম পার্বত্য এলাকায় দ্রুত সেনা ও যুদ্ধসরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অবশ্য ভারতও বসে নেই। সীমান্তবর্তী এলাকায় সড়ক যোগাযোগ, নজরদারি ও রসদ সরবরাহব্যবস্থা উন্নত করছে দেশটি। দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় সেনা মোতায়েন রাখা ভারতের জন্য চ্যালেঞ্জ হলেও স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে অভিজ্ঞতা এবং সীমান্তে সেনাদের উপস্থিতি দেশটির অন্যতম সুবিধা।
এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের সামরিক পর্যায়ের যোগাযোগও অব্যাহত রয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে তাসিং এলাকায় উত্তেজনার পর ওয়াচা-দামাই এলাকায় দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বৈঠকের খবর সামনে আসে।
সব মিলিয়ে, অরুণাচল সীমান্তে তাৎক্ষণিক বড় ধরনের সংঘাতের অনিবার্য কোনো লক্ষণ না থাকলেও চীনের সামরিক অবকাঠামো ও সেনা সমাবেশের সক্ষমতা ভারতের জন্য দীর্ঘমেয়াদি উদ্বেগের কারণ হয়ে উঠছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো সীমান্তে শুধু সেনা উপস্থিতি বজায় রাখা নয়, বরং দ্রুত সেনা ও সরঞ্জাম পাঠানোর পাশাপাশি দীর্ঘ সময় সামরিক প্রস্তুতি ধরে রাখা।
বাংলা৭১নিউজ/আরএইচ
























