রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটের পাশের ফুটপাতে এ অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন দোকানের মালামালও জব্দ করা হয়।
অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদকর্মী ও পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে হবে।
হকারদের জন্য নির্ধারিত ফুটপাত, নাইট মার্কেট ও হলিডে মার্কেটের ব্যবস্থা করা হবে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক চলাচলের উপযোগী রাখতে হবে। মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না।
ডিএসসিসি প্রশাসক আরো বলেন, এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছে এবং একাধিকবার বৈঠকও হয়েছে।
এরপরও কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার মালামাল জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হতে পারে।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ























