জন্মদিন মানেই শুভেচ্ছা, উপহার আর আনন্দের মুহূর্ত। তবে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের জন্মদিনে আনন্দের সঙ্গে যোগ হয়েছে সতীর্থদের দুষ্টুমিও।
মাঠে বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখা হাসান এবার নিজেই পড়েছেন সতীর্থদের মজার ফাঁদে। তার জন্মদিন ঘিরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ড্রেসিংরুমে করা এক প্র্যাঙ্কের ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১২ অক্টোবর ছিল হাসান মাহমুদের ২৭তম জন্মদিন। তবে জন্মদিনের তিন দিন পর, গতকাল ১৫ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিসিবি।
এরপর থেকেই সতীর্থদের এই কাণ্ড নিয়ে চলছে হাসি-মশকরা।
তবে এ ঘটনার শুরুটা বেশ গম্ভীর। বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ হাসানকে বলছেন, ‘হাসান, তোমার বোলিং দারুণ হচ্ছে। পারফরম্যান্সও ভালো।
কিন্তু সোহেল ভাইয়ের (টিম বয় সোহেল হোসেন) সঙ্গে তোমার আচরণ ঠিক হয়নি। কিছু প্রশ্ন করার ধরনও ছিল ভুল।’
কথাগুলো শুনে হাসানের মুখের হাসি উধাও হওয়ার জোগাড়! এরপর আসল ঘটনা। মুশতাক আহমেদ আরো বললেন, ‘তোমার আচরণে সোহেল ভাই খুব মন খারাপ করে আছেন। কী হয়েছে, তা জানা নেই।
তবে দলগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই সোহেল ভাইকে ডেকে আনতে হবে।’
ব্যস! শুরু হলো হাসানের দুচিন্তা। তিনি কী করলেন? কী এমন বললেন যে ‘সোহেল ভাই’য়ের মন খারাপ হয়ে গেল?
পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। পুরো ঘটনাই সাজানো। হাসানকে জন্মদিনের চমক দিতে চলছিল মহাপরিকল্পনা। আর সেই পরিকল্পনারই সবচেয়ে বড় শিকার তিনি।
শেষ পর্যন্ত রহস্যের পর্দা খুলল। গম্ভীর মুখগুলো বদলে গেল হাসিতে। হাসান যখনই সোহেল ভাইকে ড্রেসিংরুমের বাইরে থেকে ডেকে আনতে গেলেন, তখনই দেখলেন তার হাতে জন্মদিনের কেক!
সোহেল ভাইসহ সবাই বলে উঠলেন, ‘হ্যাপি বার্থ ডে!’ চারদিক থেকে শুভেচ্ছার ধুম। হাসান তখনো পরিস্থিতি পুরো বুঝে উঠতে পারেননি। তার প্রতিক্রিয়া, ‘আমি ভাবছিলাম, আমি আবার কী করলাম!’
এই একটি কথাতেই যেন পুরো প্র্যাঙ্কের সার্থকতা। জন্মদিনের আয়োজন করতে গিয়ে হাসানকে এমন দুশ্চিন্তায় ফেলা হলো যে, নিজের অপরাধ খুঁজতেই ব্যস্ত হয়ে পড়লেন!
শেষটা হলো খাওয়া-দাওয়ার আনন্দে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অভিনয়ের প্রশংসাও করেন। প্রশংসা প্রাপ্য দলের অন্য সদস্যদেরও। যেভাবে মুশতাক আহমেদের কথার সময় গোমড়ামুখে সবাই বসে ছিলেন, হাসানের তা দেখে ভয়ই পাওয়ার কথা!
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ড্র করেছে বাংলাদেশ। আগামীকাল থেকে এই দুই দলের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।
বাংলা৭১নিউজ/আরএইচ




























