রকসংগীতের ইতিহাসে কিছু কণ্ঠ যেন শুধু গান গায় না, বরং সময়কে ধারণ করে। কখনো প্রেম, কখনো বিরহ, কখনো আবার দেশ ও জীবনের নানা অনুভূতি—তার গানে উঠে এসেছে বিচিত্র সব অনুষঙ্গ।
সময়ের সঙ্গে বদলেছে সংগীতের ধারা, বদলেছে শ্রোতাদের রুচি; তবে তার গায়কির স্বাতন্ত্র্য রয়ে গেছে আগের মতোই। গিটার হাতে মঞ্চে তার উপস্থিতি, গভীর কণ্ঠ আর নিজস্ব গায়কির ধরন কয়েক দশক ধরে মুগ্ধ করে আসছে শ্রোতাদের। বলছি ফারুক মাহফুজ আনামের কথা, সংগীতপ্রেমীদের কাছে যিনি ‘জেমস’ হিসেবে খ্যাত। তরুণ বয়সে হাতে গিটার আর চোখে সংগীতের স্বপ্নকে সম্বল করেই একদিন ঘর ছেড়েছিলেন।
পরিবারের সঙ্গে মতবিরোধের জেরে চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে শুরু হয়েছিল তার নতুন জীবন। সেই তরুণই আজ বাংলা রকসংগীতের অন্যতম স্বতন্ত্র কণ্ঠ, অগণিত ভক্তের প্রিয় ‘গুরু’।
আজ ২ অক্টোবর, এই জনপ্রিয় শিল্পীর জন্মদিন। ১৯৬৪ সালের আজকের এই দিনে নওগাঁয় জন্ম নেওয়া জেমসের বেড়ে ওঠা চট্টগ্রামে।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল গভীর টান। সেই টান থেকেই একসময় পরিবারের বাধা উপেক্ষা করে ঘর ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থেকে শুরু হয় তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সেখানেই নিজস্ব সংগীতভুবন গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
জেমসের জন্মদিন
১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সংগীতজগতে যাত্রা শুরু জেমসের।
ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী ও লিড গিটারিস্ট হিসেবে নিজের স্বতন্ত্রতা তুলে ধরেন তিনি। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ফিলিংসের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। অ্যালবামটি তাকে ব্যান্ডসংগীতের শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। পরের বছর একক অ্যালবাম ‘অনন্যা’ প্রকাশের পর তার জনপ্রিয়তা আরও বাড়ে।
এরপর একে একে প্রকাশিত হয় ফিলিংসের ‘জেল থেকে বলছি’ (১৯৯০), ‘নগর বাউল’ (১৯৯৬), ‘লেইস ফিতা লেইস’ (১৯৯৮) ও ‘কালেকশন অব ফিলিংস’ (১৯৯৯)। পরবর্তী সময়ে ফিলিংসের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নগর বাউল’। বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে এই নামও হয়ে ওঠে বিশেষ পরিচিত।
নগরবাউল জেমসের জন্মদিন আজ | কালবেলা
ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও জেমসের সাফল্যের ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় অ্যালবাম। ‘পালাবি কোথায়’ (১৯৯৫), ‘দুঃখিনী দুঃখ করো না’ (১৯৯৭), ‘ঠিক আছে বন্ধু’ (১৯৯৯), ‘আমি তোমাদেরই লোক’ (২০০৩), ‘জনতা এক্সপ্রেস’ (২০০৫), ‘তুফান’ (২০০৬) ও ‘কাল যমুনা’ (২০০৯) তার উল্লেখযোগ্য একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে।
জেমসের কণ্ঠে ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘মা’, ‘বাংলাদেশ’, ‘পাগলা হাওয়া’, ‘দুষ্টু ছেলের দল’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ও ‘মিরাবাই’-এর মতো গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের কণ্ঠের জাদু ছড়িয়েছেন এই শিল্পী। ২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ভিগি ভিগি’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তার। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ‘ওহ লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘ওয়ার্নিং’-এর মতো সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও নিজের স্বতন্ত্র কণ্ঠের পরিচয় তুলে ধরেছেন জেমস। বলিউডে গান গাওয়ার সুবাদে সেখানে স্থায়ী হওয়ারও প্রস্তাব পেয়েছিলেন কিন্তু নিজ দেশ ছেড়ে যেতে চাননি তিনি। তাই বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দেন সেসব প্রস্তাব।
নগরবাউল জেমস দীর্ঘ দুই মাসের ইউরোপ ট্যুরে যাচ্ছেন,৬ শহরে কনসার্ট !
বাংলাদেশের চলচ্চিত্রেও প্লেব্যাকের জন্য পেয়েছেন স্বীকৃতি। ‘দেশা: দ্য লিডার’ (২০১৪) ও ‘সত্তা’ (২০১৭) সিনেমায় গান গেয়ে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
একদিন সংগীতের স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন যে তরুণ, চার দশকের বেশি সময় পেরিয়ে সেই জেমসই বাংলা রকসংগীতের এক অনন্য নাম। গিটার হাতে মঞ্চে উঠলে আজও তার কণ্ঠে মেতে ওঠেন ভক্তরা। সংগীতের প্রতি ভালোবাসা আর নিজস্ব ধারার শক্তিতেই তিনি প্রজন্মের পর প্রজন্মের কাছে ‘গুরু’ হয়ে উঠেছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ




























