রাজধানীর বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় দুর্বিত্তদের গুলি ও ছুরিকাঘাতে দুজন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- গুলিবিদ্ধ মো. আলামিন (২৫), সাইফুল ইসলাম (২৩) ও ছুরিকাঘাতে আহত আব্দুল্লাহ (১৬)।
সোমবার রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘেট।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো. সেলিম হোসেন বলেন, আহতরা সোমবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত স্কুল শিক্ষার্থী আব্দুল্লাহর (১৬) মামা কাওসার তারেক জানিয়েছন, আব্দুল্লাহ তার কয়েকজন বন্ধু মিলে রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডার আলাতুন্নেছা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বিত্তরা রাস্তায় তাকে ছুরিকাঘাতে আহত করে।
তিনি বলেন, শুনেছি সেখানে কিছু সময় আগে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।
পরে এক পক্ষ রাস্তায় যাকে পেয়েছে তাঁকেই আহত করেছে। আব্দুল্লাহ স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। তার বাসা মধ্য বাড্ডা এলাকায়।
একই এলাকায় এর কিছু সময় আগে, দুপক্ষের মারামারির সময়ে আলামিন (২৫) নামে যুবক গুলিতে আহত হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু রাসেল জানিয়েছেন, আলামিনের বাসা আলাতুন্নেসা স্কুলের পেছনে। ওই পথ দিয়ে যাওয়ার সময় তার ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
একই দিন রাত আনুমানিক ১১টার দিকে মেরুল বাড্ডা বাজার গলিতে সাইফুল ইসলাম (২৩) নামে ফ্রিজ মেকানিক্স আহত হয়। সে বাড্ডার বাজার গলি মন্ডলের বাড়িতে থাকেন।
রাতে ওই পথ দিয়ে বাসার ফেরার পথে দুজন হেলমেট পরা দুর্বিত্ত তাকে পথরোধ করার চেষ্টা করে। তখন তিনি ভয়ে দৌড় দিলে পেছন তারা গুলি করেন। এতে তার পা গুলিবিদ্ধ হয়। পরে প্রতিবেশী মোহন গাজী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই মো. আবু জাফর জানিয়েছেন, আমাদের থানা এলাকায় দুটি ঘটনা ঘটেছে। ঘটনাগুলোর বিষয়ে রাত থেকে আইনি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের অফিসাররা কাজ করছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















