বিরোধী দল এক দফার ঘোষণা দিবে বিএনপি চুপচাপ বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন,
আপনারা ভয় দেখান, এক দফার।
আর আমরা চুপচাপ বসে থাকব—এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা রাজনীতি করেন, পার্লামেন্টে কথা বলেন, বাইরেও কথা বলেন—তাতে আপত্তি নেই। কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।
দেশকে অস্থিতিশীল করার দায় কি আপনাদের (বিরোধী দলের) নয়? এমন প্রশ্ন তোলেন রিজভী।
তিনি বলেন, মধ্যবাড্ডা, কাফরুল, মিরপুরে বাসে আগুন ধরাচ্ছে কে? বোমাবাজি করছে হাইকোর্টের সামনে কে? এর উত্তর কে দেবে? এটা কি শুধু পলাতক ফ্যাসিস্টদের কাজ, নাকি মানুষ বলছে নতুন নতুন দোসর তৈরি হয়েছে, এখন তারাও ফ্যাসিস্টদের সঙ্গে মিলিত হয়েছে? না হলে এই প্রেসে যখন আগুন দেওয়া হলো, তারপরে যারা গ্রেপ্তার হয়েছে তারা তো জামায়াতের লোক। আপনারা খবরের কাগজ খুলে দেখেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলপূর্বক এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিরোধী দল হুংকার দিচ্ছেন এক দফার কথা বলে।
আপনাদের এক দফার কথা শুনে আমরা কি গলিতে গিয়ে দাঁড়াব, নাকি প্রাচীরে লাফ দেব? যে দল রাজপথের ইটের সাথে, কাঠের সাথে, ধুলার সাথে, পানির সাথে সম্পৃক্ত—সেই দল বিএনপি। সেই দল ও তার অঙ্গসংগঠনগুলোকে আপনারা এক দফার ভয় দেখাচ্ছেন? প্রশ্ন করেন রিজভী।
শহীদের রক্তমাখা শার্ট নিয়ে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে জানিয়ে রিজভী বলেন, আপনারা কয়দিন করেছেন? তার তালিকা দিন।
তিনি বলেন, বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি এবং বিএনপির জোট সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























