ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠতে দুটি সুযোগ পেয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। কিন্তু কোনোবারই ভাগ্যে সহায় হলো না মেহেদী হাসান মিরাজদের।
দুই ম্যাচে হেরে ফাইনালে খেলার স্বপ্ন চুরমার হলো। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের পর আজ দ্বিতীয় হারটি দেখল জ্যামাইকা কিংসম্যানের কাছে। শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে কিংসম্যান। ৬ বলে ৬ রান লাগত কিংসম্যানের।
হাতে উইকেট ছিল ৬। এমন সমীকরণে এক উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় তারা।
রোমাঞ্চকর জয়ে সিপিএলে ফাইনালের টিকিট পেয়েছে কিংসম্যান। আগামী ২১ সেপ্টেম্বর ব্রিজটাউনের ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যান্টিগা।
ফাইনাল হারায় ভেস্তে গেছে শিমরন হেটমায়ারের সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে তার সেঞ্চুরিতে ২০৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল গায়ানা। ৪৫ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। ৮ ছক্কার বিপরীতে হাঁকিয়েছেন ৪ চার।
লক্ষ্য তাড়ায় রোভম্যান পাওয়েলের শেষ দিকের ঝড়ে ফাইনালের টিকিট পায় কিংসম্যান।
২৩৫.২৯ স্ট্রাইক রেটে ৪০ রানের ইনিংস খেলেছেন দলের অধিনায়ক। ২ চার ও ৪ ছক্কার ইনিংস খেলা রোভম্যানের আগে জয়ের ভিত গড়ে দেন কেসি কার্টি (৫৬) ও মাজ সাদাকাতরা (৪১)।
প্রয়োজনের দিনে জ্বলে উঠতে পারেননি মিরাজ। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। কিন্তু বল হাতে দেদারসে রান দিয়েছেন তিনি। ৪ ওভারে ৪৩ রান খরচ করে পাননি কোনো উইকেট। এর আগের ম্যাচেও কোনো উইকেট পাননি তিনি। সঙ্গে ব্যাটিংয়ে ডাক মেরেছিলেন। অথচ, শুরুটা কি দুর্দান্তই হয়েছিল! প্রথম তিন ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট।
বাংলা৭১নিউজ/আরএইচ























