জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় করা তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দেখানোর শুনানিতে কলিমুল্লাহর পক্ষে আইনজীবী বলেন, তার রাজনৈতিক কোনো পদ নেই। তিনি একজন শিক্ষক এবং আওয়ামী লীগ সরকারের আমলেও গ্রেপ্তার হয়েছিলেন। শুধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এ সময় তিনি গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুরের দাবি জানান।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ বলেন, ‘ছাত্রজীবন ও শিক্ষকতা জীবনে আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, এখনো নেই।
আমি ভিসি থাকাকালে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছিল।
তিনি আরো বলেন, ‘আমি ভিসি থাকাকালে জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। সাঈদ হত্যার প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক, এর বাইরে আর কিছু নই।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত কলিমুল্লাহকে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালানো হয়। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। পরে এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা করা হয়।
গত ৭ সেপ্টেম্বর ওই মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এর আগে ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তার কারামুক্তির অপেক্ষা ছিল।
তবে গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়। পরে ওই মামলায়ও তিনি জামিন পান।
বাংলা৭১নিউজ/আরএইচ























