নিজে বাড়িতে মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’ কীবোর্ডবাদক জোনাথন মেলেনদেস, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও গৃহপরিচারিকা খুন। নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকো সিটির কাছে একটি অভিজাত এলাকায় নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে জনপ্রিয় ইন্ডি রক ব্যান্ডের কীবোর্ডবাদক জোনাথন মেলেনদেস, তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পাউলা (৩৫), তাঁদের ৩ বছরের কন্যাসন্তান, গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিও এবং একটি পোষ্য কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের মধ্যে তিনজনকে মাথায় এবং অন্য একজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। পোষ্য কুকুরটির পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তবে অলৌকিকভাবে বেঁচে রয়েছে ওই দম্পতির ৬ বছরের এক ছেলে।
তদন্তে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাতটা চল্লিশের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়। জোনাথনের আকস্মিক মৃত্যুতে তাঁর ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’ শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে লেখে, ‘আজ আমরা তাঁর জীবন, তাঁর গান, তাঁর পজিটিভ এনার্জি এবং যাঁরা তাঁকে কাছ থেকে দেখার ও চেনার সুযোগ পেয়েছিলেন সেই সমস্ত সুন্দর স্মৃতিগুলোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, জেরার্ডো ‘এন’ নামের অপর এক ব্যক্তিও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমার গার্সিয়া হারফুচ জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজন ভুক্তভোগীদের সঙ্গে তার পূর্বপরিচিত সম্পর্কের সুযোগ নিয়ে কৌশলে বাড়িতে প্রবেশ করেছিল।
বাংলা৭১নিউজ/জেএস



























