দুর্গাপূজায় বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে দর্শকের ব্যাপক আগ্রহ।
সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটে প্রকাশ্যে এসেছে ‘দেশু ৭’-এর টিজার। দেব ও শুভশ্রীকে নিয়ে ফেসবুক লাইভের পাশাপাশি প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার। টিজার প্রকাশের পর থেকেই সিনেমার গল্প, দুই তারকার রসায়ন এবং ছবির নাম নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
টিজারে দেখা যায় মুভিতে দেবের চরিত্রের নামও ‘দেব’। গল্পে দেখা যায়, বহু বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভালোবাসার মানুষ পরিস্থিতির কারণে আবারও একে অপরের কাছে ফিরে আসে। ফলে সিনেমার গল্পের সঙ্গে দেব ও শুভশ্রীর ব্যক্তিগত জীবনের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন দর্শকের একাংশ।
টিজারের শুরুতেই শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও!’ এরপরই শুরু হয় দেবের দুর্ধর্ষ অ্যাকশন। কখনো দুই হাতে বন্দুক নিয়ে লড়াই, কখনো জ্বলন্ত বোতল থেকে সিগারেটে আগুন ধরানো-দেবের নতুন অবতার নজর কেড়েছে দর্শকের।
অন্যদিকে শুভশ্রীর সঙ্গে তার রোমান্টিক মুহূর্তও টিজারে আলাদা মাত্রা যোগ করেছে। লাদাখের ধূসর প্রাকৃতিক পরিবেশে দুই তারকার উপস্থিতি তৈরি করেছে আন্যরকম আবহ। তবে টিজারে শুধু দেব-শুভশ্রী নয়, অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও কৌতূহল বাড়িয়েছে।
শেষদিকে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘তুমি ফিরে যাও দেব।’ জবাবে দেবের সংলাপ, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব।’ এই সংলাপই এখন দর্শকের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে।
টিজার প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে একটি লাইন‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না।’ ফলে দুই চরিত্রের সম্পর্কের পরিণতি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
এদিকে মুক্তির প্রায় নয় মাস আগেই সাত হাজার গোল্ডেন টিকিট বিক্রি হওয়ায় উচ্ছ্বসিত দেব। সরাসরি সম্প্রচারে অভিনেতা জানান, মাত্র দুই ঘণ্টায় সাত হাজার টিকিট বিক্রি হয়েছে। এমনকি আরও গোল্ডেন টিকিটের জন্য দর্শকের কাছ থেকে অনুরোধ আসছে বলেও জানান তিনি। দেব বলেন, দর্শকের ভালোবাসার এই আস্থা যেন কোনোভাবেই নষ্ট না হয়-এটাই তার সবচেয়ে বড় ভয় ছিল।
‘দেশু ৭’-এ দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।
তবে সিনেমার নাম নিয়েও রয়েছে খানিকটা রহস্য। ফেসবুক লাইভে ছবির নাম প্রসঙ্গে দেব বলেন, শুরুতে ছবিটির কোনো চূড়ান্ত নাম ছিল না। দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হওয়ায় তাদের জুটির পরিচিত নামের সঙ্গে সাত যোগ করে ‘দেশু ৭’ নামটি আলোচনায় আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নামটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আপাতত সেটিই রাখা হয়েছে। তাই ‘দেশু ৭’ নামেই এগোচ্ছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা
বাংলা৭১নিউজ/জেএস

























