সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে এই অভিযান পরিচালিত হয়।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সম্প্রতি লারাক দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদস্যসহ সাধারণ ইরানি নাগরিকদের মৃত্যুর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, আল মিনহাদ ঘাঁটি বিদেশি বাহিনীর অন্যতম প্রধান লজিস্টিক ও বিমান পরিবহন কেন্দ্র। মার্কিন অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের উদ্দেশ্যেই ড্রোন হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না। আমেরিকান সন্ত্রাসী বাহিনীর চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাবে প্রতিটি শহীদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























