গণতন্ত্রে বহুমত থাকে। ভিন্নমতের সহাবস্থানই গণতন্ত্রের আসল সৌন্দর্য। কিন্তু দেশের স্বার্থে, জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে দলমতের ঊর্ধ্বে উঠতে হয়। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে হয়। এ কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ কখনো কখনো দেশের জন্য দলীয় স্বার্থ ছাড় দেওয়ার যে নীতি শহীদ জিয়া নিয়েছিলেন, সেই নীতি অনুসরণ করলেন তার যোগ্য সন্তান তারেক রহমান।
দেশে যখন রাজনীতির নামে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে গণতন্ত্রবিরোধী অপশক্তি, ঠিক তখনই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ডাক দিয়েই তিনি বসে থাকেননি, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন। ১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলা হয়।
এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। প্রথমে সংলাপে অংশ নেয় এনসিপি। গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের ৩৫ মিনিট আলোচনা হয়।
এনসিপির পর জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতের সঙ্গে সংলাপ করবেন প্রধানমন্ত্রী। দলটির আমির দেশের বাইরে থাকায় এখন পর্যন্ত জামায়াতের সঙ্গে সংলাপ হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে আলোচনার মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
জামায়াতের সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্ট্রেলিয়া সফর শেষে জামায়াত আমিরের এক দিনের জন্য মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কর্মসূচিতেও অংশ নেওয়ার সূচি ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জামায়াত আমিরের দেশে ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার। কিন্তু মালয়েশিয়া সফর বাতিল করে তিনি বুধবার দেশে ফিরেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ বা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন, তাতে অংশ নিতে আগ্রহী সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। তবে একা নয়, ১১-দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি।
তবে লক্ষ্য করা যাচ্ছে, এসব সংলাপে রাজনৈতিক দলগুলো মূল এজেন্ডার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আসছে। যেমন এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জুলাই সনদসহ বেশ কিছু বিষয় উঠে এসেছিল। প্রধানমন্ত্রীকে তারা বলেছে, ঐক্য চাইলে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, ২৪-এর পরাজিত শক্তির বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান না থাকার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এ কারণে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছে দলটি।
জামায়াতের পক্ষ থেকেও আসন্ন সংলাপে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জামায়াত যে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক, তা জানানো হয়েছে। একই সঙ্গে এটাও বলা হয়েছে, সংলাপ হলে ১১-দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবে হতে হবে। আর এতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলকেও ডাকা উচিত।
জামায়াত ১১ দলগতভাবে বসতে চায়। কারণ, এই সংলাপে তারা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের মতো বিষয় নিয়ে কথা বলতে চায়। এসব দাবিতে তারা সংসদে যেমন সরব, তেমনি রাজপথেও আন্দোলন করছে। এই বিষয়গুলো এই আলোচনায় কতটা জরুরি?
আমরা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখি, সরকার ও বিরোধী দলের মধ্যে চরম দ্বন্দ্ব ও মতবিরোধ থাকা সত্ত্বেও দেশের জরুরি প্রশ্নে তারা সেসব বিরোধ পাশে সরিয়ে রেখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে এবং সমাধানের পথ খুঁজে বের করে।
যুক্তরাজ্যের কথাই ধরা যাক। সেখানে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির বিরোধ দেশটির গণতন্ত্রের মূল শক্তি। কিন্তু যখনই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো সমস্যা দেখা দেয়, তখন তারা আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধে অংশগ্রহণের প্রশ্নে যুক্তরাজ্যে সর্বদলীয় বৈঠক হয়। সেখানে তারা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। অভিবাসন সম্পর্কেও ব্রিটেনের সব দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। তার মানে এই নয় যে, কনজারভেটিভ পার্টির অন্য দাবি ক্ষমতাসীন লেবার পার্টি মেনে নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের মতপার্থক্য এখন চরমে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রশ্নে দুটি দল একমত এবং একসঙ্গে কাজ করে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের সব একতরফা সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে তারা একসঙ্গে কাজ করবে—এটাই সুস্থ গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের এই সংস্কৃতি বাংলাদেশে চালু করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশে আগুন-সন্ত্রাস ও সন্ত্রাস প্রতিরোধে তিনি বিরোধী দলের নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এখন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে এ ধরনের চর্চা অতীতে দেখা যায়নি।
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেমন সংসদকে কার্যকর করেছেন, তেমনি বিরোধী দলের মতামতকেও গুরুত্ব দিচ্ছেন। বিরোধী দলগুলোরও এখন এই রীতিনীতির চর্চা করা উচিত। এখন দরকার সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য। গণভোট কিংবা সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে বিতর্ক হবে, মতপার্থক্য থাকবে। সরকার ও বিরোধী দল সেসব বিষয়ে সংসদে আলোচনা করবে, বিতর্ক করবে। আগামী নির্বাচনে জনগণ এসব মতপার্থক্য ও বিরোধ মূল্যায়ন করবে। ভোটের মাধ্যমে রায় দেবে কে সঠিক আর কে ভুল।
কিন্তু দেশের মানুষ যখন আক্রান্ত, তখন জাতীয় ঐক্যের বিনিময়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা সঠিক কাজ নয়। দেশের স্বার্থ কোনো গিভ অ্যান্ড টেকের বিষয় নয়। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন। এখন বিরোধী দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























