বলিউডের কিংবদন্তি অভিনেতা অমরীশ পুরীর অভিনয়জীবন জুড়ে রয়েছে অসংখ্য স্মরণীয় গল্প। ‘মিস্টার ইন্ডিয়া’র মোগ্যাম্বো থেকে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’-এর মোলা রাম—বহু বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি।
তবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তার সম্পর্কের শুরুর দিকের একটি ঘটনা অনেকেরই অজানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো ঘটনা প্রকাশ্যে এনেছেন অমরীশ পুরীর ছেলে রাজীব পুরী। তার দাবি, একসময় রজনীকান্তের সঙ্গে একই সিনেমায় কাজ করতেই অস্বস্তি বোধ করেছিলেন তার বাবা। এমনকি চেন্নাই থেকে ফিরে ছবির প্রযোজককে জানিয়ে দিয়েছিলেন, রজনীকান্তের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
কিন্তু কেন এমন আপত্তি ছিল অমরীশ পুরীর?
রাজীব পুরীর বক্তব্য অনুযায়ী, সেই সময় রজনীকান্তের কিছু আচরণ তার বাবার পছন্দ হয়নি। অমরীশ পুরীর মনে হয়েছিল, রজনীকান্ত নিজের তারকাখ্যাতির প্রভাব দেখাচ্ছেন। অর্থাৎ সেটে তিনি যেন নিজের প্রভাব খাটাচ্ছেন বা ‘থ্রোয়িং হিজ ওয়েট অ্যারাউন্ড’ করছেন।
বিষয়টি ভালোভাবে নেননি অমরীশ পুরী।
চেন্নাই থেকে ফিরে এসে ছবির প্রযোজকের কাছে নিজের আপত্তির কথা জানান তিনি। এমন পরিস্থিতিতে সিনেমাটিতে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলেও জানিয়ে দেন।
তবে দুই তারকার সেই মনোমালিন্য বেশিদিন স্থায়ী হয়নি। রাজীব পুরীর দাবি, পরবর্তী সময়ে রজনীকান্ত নিজেই অমরীশ পুরীর কাছে ক্ষমা চান। সেই ক্ষমা চাওয়ার পরই ভুল-বোঝাবুঝির অবসান ঘটে এবং স্বাভাবিক হয়ে আসে তাদের সম্পর্ক।
এরপর ভারতীয় সিনেমায় তৈরি হয় দুই শক্তিমান অভিনেতার স্মরণীয় জুটি। অমরীশ পুরী ও রজনীকান্ত একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। হিন্দি ও তামিল মিলিয়ে মোট ৯টি সিনেমায় দেখা গেছে এই দুই কিংবদন্তিকে।
শুরুর দিকে ভুল-বোঝাবুঝি থাকলেও পরবর্তী সময়ে সেই সম্পর্কই রূপ নেয় পেশাগত সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধায়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























