সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারের খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশন পরিচালিত একটি স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে নতুন রাস্তার পাশে বা রেলওয়ের পাশে সুবিধাজনক খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে।
এর অধিকাংশের কার্যক্রমই সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। মেয়র থাকাকালে এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বলেও জানান তিনি।
এ সময় রাজশাহী জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করছে।
অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























