শ্রাবণের শেষে মেঘলা আকাশ। আজ শুক্রবার (২৮ আগস্ট) বৃষ্টিতে ভিজতে পারে ঢাকাসহ ৮ বিভাগ। আবহাওয়া অধিদফতরের বার্তায় এমনটিই জানা গেছে।
এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকার রূপ ভিন্ন। ধূসর মেঘে ঢেকে আছে আকাশ, আর তার সঙ্গে মেতে উঠেছে মিহি ঠান্ডা বাতাস। শহরের ব্যস্ত নাগরিক জীবনে যেন ফিরে এসেছে বর্ষার এক স্নিগ্ধ আমেজ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আবহাওয়ার এই মনোরম রূপ রূপ নিতে পারে বৃষ্টিতে। ঢাকাসহ দেশের একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে কোথাও কোথাও নেমে আসতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে। এর প্রভাবেই আজ সারা দিন ঢাকা ও তার আশেপাশের অঞ্চলের আকাশ মেঘলা থাকবে এবং হঠাৎ করেই দমকা হাওয়াসহ নামতে পারে স্বস্তির বৃষ্টি।
দিনের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি কাটিয়ে আজকের পুরো দিনটিতেই প্রকৃতির এই ভেজা ভাব বজায় থাকার সম্ভাবনা বেশি।
বাংলা৭১নিউজ/এসএইচবি


























