সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের একাংশ তাকে নেশাগ্রস্ত বলে দাবি করেছেন। তবে এ দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং অভিনেত্রীর ভক্তদের একটি অংশ বলছে, তিনি হয়তো কোনো উদযাপনের সময় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়। নিজের আসল চুল আড়াল করে একটি উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশ দিতে শোনা যায় তাকে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ তার কথা বলার ধরন ও শারীরিক অঙ্গভঙ্গি দেখে মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো নানা দাবি তুলেছেন। এমনকি কয়েকজন নেটিজেন তারকাদের ব্যক্তিগত আচরণ নিয়েও কড়া মন্তব্য করেন।
তবে এসব মন্তব্যের বিরোধিতা করেছেন হানিয়ার অনেক ভক্ত। তাদের দাবি, ভিডিওতে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, যার ভিত্তিতে তাকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো ঘুম থেকে ওঠার পর বা কোনো অনুষ্ঠানের প্রস্তুতির সময় এমন অবস্থায় ছিলেন।
অনেক দর্শক আবার বলছেন, একজন তারকার স্বাভাবিক আনন্দ-উচ্ছ্বাসকেও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাদের মতে, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে মাদক বা অ্যালকোহলে আসক্ত বলে মন্তব্য করা উচিত নয়।
ভিডিওটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে হানিয়া আমির বা তার দলের পক্ষ থেকেও ভাইরাল ভিডিওটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এদিকে বর্তমানে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস

























