নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদে হামলার পর প্রায় ৬০০ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় একটি সশস্ত্র গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করেছে।
গত রবিবার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি জঙ্গল এলাকায় বহু মানুষ মাটিতে বসে আছে। তাদের চারপাশে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ভিডিওতে শিশুদের কান্নার শব্দও শোনা যায়। তবে রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য নাইজেরিয়ার পুলিশ ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় ডেকারা গ্রামের একটি মসজিদে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর হামলা চালায়। একই সময়ে আশপাশের কয়েকটি এলাকাতেও হামলা চালিয়ে মানুষকে অপহরণ করা হয়।
পুলিশ আগে মসজিদে হামলার ঘটনা নিশ্চিত করলেও কতজনকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি।
ভিডিওতে হাউসা ভাষায় কথা বলা এক বন্দুকধারী অপহৃতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে নিজেদের স্বজনদের শনাক্ত করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা জামিলু ইব্রাহিম বলেন, অপহৃতদের মধ্যে অনেক নারী, মা ও শিশু রয়েছে। তিনি তাদের দ্রুত মুক্তির জন্য নাইজেরিয়ার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মুক্তিপণের জন্য গণ-অপহরণ দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা।
সশস্ত্র দলগুলো প্রায়ই গ্রাম, স্কুল ও মহাসড়কে হামলা চালিয়ে মানুষকে অপহরণ করে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























