সারা দেশে চলাচল করা স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক বন্ধ করে দেন তারা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এর আগে স্লিপার বাস মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে স্মারকলিপি দিতে বিআরটিএ কার্যালয়ের দিকে যান সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন নেতা।
সমিতির নেতারা বলেন, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে এসব বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার দাবি তাদের।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্লিপার বাস খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফিটনেস ও রুট পারমিটের জটিলতা দ্রুত সমাধান এবং আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ করা।
মালিক সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া এসব বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।
তারা বলেন, স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন তারা।
সমিতির নেতাদের ভাষ্য, তারা আইন ও সরকারি নিয়মকানুন মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চালানোর অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























