ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আল নূর চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখার সময় ডা. জুবাইদা রহমান চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। ক্যাম্পে চিকিৎসার জন্য ১৬ থেকে ১৭টি বুথে চিকিৎসকেরা রোগীদের সেবা দেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে যাদের চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাদের মোহাম্মাদপুরের আল নূর চক্ষু হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। যাদের চশমা প্রয়োজন, তাদের পরীক্ষা করে বিনা মূল্যে চশমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে এরপর বগুড়ায় ৫ হাজার মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
টাঙ্গাইলে ১০ হাজার রোগীর জন্য চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হবে। এ বিষয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গেও কথা হয়েছে।’
ডা. ফরহাদ হালিম ডোনার আরো বলেন, ডা. জুবাইদা রহমান ক্যাম্পের বিভিন্ন বুথে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং রোগীদের খোঁজখবর নিয়েছেন। অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরও ভবিষ্যতের চিকিৎসা কার্যক্রমের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তিনি।
ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে হাঁপানি রোগীদের জন্য চিকিৎসা ক্যাম্প করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার চোখের রোগীদের জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের জন্যও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























