নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাষাঢ়া স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্টেশনের ঝালমুড়ি বিক্রেতা ও প্রত্যক্ষদর্শী সেন্টু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনটি স্টেশনে থামার আগেই ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান।
চাষাঢ়া স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ বলছেন, ট্রেনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মৃত্যু হয়।
তিনি জানান, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























