বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে বাংলাদেশ বিমান, আমাদের সিভিল অ্যাভিয়েশন, পর্যটন করপোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে হয়তো তিনি পরিবর্তন এনেছেন।
তিনি বলেন,আমাদের সঙ্গে যিনি (আফরোজা খানম রিতা) ছিলেন, তিনিও একটি মন্ত্রণালয়ে (খাদ্য মন্ত্রণালয়) বহাল হয়েছেন। আমি মনে করি, এটা নিশ্চয়ই তিনি চান যে ডায়নামিক ওয়েতে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার করতে পারি।
প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনও প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের ও জনগণের উন্নতির জন্য। তিনি কীভাবে, কাকে দিয়ে, কোথায় কাজ করালে ভালো হবে—সেভাবে চিন্তা করেই কিন্তু আমাদের পদায়ন করেছেন।
তিনি আরও বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।
চ্যালেঞ্জ প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি দরকার, সেটি আমরা করার চেষ্টা করবো।
বাংলা৭১নিউজ/আরএইচ

























