৯ মামলায় জামিনের পর নতুন করে জুলাইয়ে নিউ মার্কেট থানায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এদিন আদালতে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদেশ পর্যালোচনায় রেখে পরবর্তী রিমান্ডের আদেশ দেন।
অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, ‘মেহেরপুরের ৮ মামলায় এবং ঢাকায় করা দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হবে ঠিক তখনই মুক্তি আটকাতে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ তাকে রিমান্ডে নেওয়া হলো।
যা সম্পূর্ণ অযৌক্তিক এবং ন্যায় বিচারের পরিপন্থী। এ নিয়ে তার নামে মোট ১০টি মামলা করা হলো।’
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ






















