জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
তবে বাদ পড়েছে ১ হাজার ৪৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনা এবং তুরাগ নদী সুরক্ষার ঢাকা মেট্রো প্রকল্প। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন করা হয়। এর একটি ‘ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ প্রকল্প। অন্যটি ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘Capacity Development for Smart Maintenance Technology of Bridges under Roads and Highways Department in Bangladesh’ প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি হলো—‘ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা’ এবং ‘চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট শক্তিশালীকরণ’।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্প অনুমোদিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ’ প্রকল্পের তৃতীয় সংশোধনও অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে। এগুলো হলো ‘জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। সভায় পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৯টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাকসিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা। একই তালিকায় রয়েছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পের প্রথম সংশোধন এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্প।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন, ঢাকার গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ এবং ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন রয়েছে।
তালিকায় আরও রয়েছে মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের চতুর্থ পর্যায় এবং জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহারসংক্রান্ত প্রকল্প। এ ছাড়া কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনও ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্পগুলোর তালিকায় রয়েছে।
সভা শেষে সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশিত ‘Five Year Strategic Framework for Reform and Development’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলা৭১নিউজ/আরএইচ


























