রাজধানীর ভাটারা এলাকার এক ফ্ল্যাটে ১৫ আগস্ট সামনে রেখে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ জনের মধ্যে ১৫ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— যুবলীগ নেতা মোত্তালিব (৩৫), যুবলীগ নেত্রী মেহজাবিন আক্তার মালা (২৭), যুবলীগ নেতা মো. রুবেল (৩২), জি কে মাসুদ (২৮), অন্তর মিয়া (১৯), মো. রমজান (৪৫), মামুন (২৯), মিঠু ওরফে আমির হোসেন (৩০), আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ (১৯), মো. সুমন মিয়া (৩০), আরিফ মিয়া (২২), মোস্তাক মিয়া (২০), সাইম হোসেন (২০), জাহিদ হাসান (১৯) এবং শাহীন হোসেন ইমন (২০)।
তারা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ইসলাম মিয়া রাকিব রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট রাত ৮টা থেকে ১০টার মধ্যে ভাটারা থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। পুলিশ জানায়, আসামিরা ১৫ আগস্ট কেন্দ্র করে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ১৫ আগস্টের আলোচনাসভা এবং মিলাদ মাহফিলের লেখা সংবলিত ৩টি ব্যানার জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপন বৈঠক করছিলেন। মামলার মূল রহস্য উদঘাটন এবং এই আয়োজনের অর্থায়নকারীদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদন করে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ


























